জমি পেতে নিজের মা’কে বাদ দিয়ে হাসিনাকে মা বলছিলেন জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনো সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল। যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা। যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়।

সাম্প্রতিক প্রেক্ষাপটে সেই আবেদনপত্রটি ফের ভাইরাল রয়েছে। আবেদনপত্রে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

তিনি লিখেছেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলীয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে।’

‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।’

সবশেষ তিনি লিখেছেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’

ভাইরাল এ আবেদনপত্রটিতে জয়ের ছবির পাশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের একটি সিলও দেখা গেছে। আর সুপারিশকারী হিসেবে রয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর।

এ ব্যাপারে সংবাদমাধ্যম থেকে অভিনেতা জয়ের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তার।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘গোধুলী লগ্নে’ নাটকের মাধ্যমে টিভি পর্দায় ডেবিউ হয় জয়ের। এরপর বেসরকারি টেলিভিশনে ‘সেন্স অব হিউমার’, ‘কমনসেন্স’, ‘উইথ নাজিম জয়’ ও ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠান উপস্থাপন করেছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।