মেক্সিকোর কনসার্টে শাকিরার নতুন ইতিহাস

সম্প্রতি মেক্সিকো সিটির প্রধান চত্বর ‘জোকালো’-তে আয়োজিত একটি ফ্রি কনসার্টে অন্তত ৪ লাখ ভক্তের সামনে পারফর্ম করে দেশটির একক কনসার্টে উপস্থিতির সব রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। রোববার (১ মার্চ) এটি আয়োজন করা হয়েছিল।

বিশ্বজুড়ে আলোড়ন তোলা এ কনসার্টে উপস্থিত ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম। তিনি সাংবাদিকদের জানান, ন্যাশনাল প্যালেসের জানালা থেকে তিনি এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের বেশিরভাগ সময় উপভোগ করেছেন।

শিনবাম বলেন, ‘মেক্সিকান পরিবারগুলোর কাছে শাকিরা অত্যন্ত প্রিয়। এটি ছিল এক অপূর্ব দৃশ্য; মানুষ অত্যন্ত আনন্দিত ছিল। সেই উষ্ণতা, আনন্দ এবং ভালোবাসা ছিল অবিশ্বাস্য। মেক্সিকোর মূল পরিচয়ই হল এ প্রাণশক্তি।’

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এত বিশাল জনসমাগম মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।

কনসার্ট চলাকালীন আবেগপ্রবণ হয়ে শাকিরা দর্শকদের উদ্দেশে বলেন, ‘এসবই যেন একটি স্বপ্ন ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা সকাল থেকে রোদের মধ্যে ক্যাম্প করে অপেক্ষা করেছেন। বরাবরের মতো আমার সঙ্গে সব বাধা অতিক্রম করার জন্য আমি কৃতজ্ঞ।’

রোববার মেক্সিকো সিটির জোকালোতে আয়োজিত এ কনসার্টটি ছিল তার ‘Las Mujeres Ya No Lloran’ (নারীরা আর কাঁদে না) ট্যুরের মেক্সিকো সিটি অংশের সমাপনী অনুষ্ঠান। এ শহরে টানা ১৩টি হাউসফুল কনসার্ট করার পর তিনি এ বিশাল আয়োজনটি করেন।

বিদায়লগ্নে শাকিরা বলেন, ‘আজ আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে—একদিকে নস্টালজিয়া, অন্যদিকে কৃতজ্ঞতা। আজ মেক্সিকোতে আমাদের ট্যুরের শেষ দিন, যা আমার কাছে আমার নিজের ঘরের মতো। আমাদের মধ্যকার এ ভালোবাসা এবং বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমাকে এ পরিমাণ আনন্দ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।